মুজিবনগরে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন আটক, পরে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স-সংলগ্ন পিকনিক স্পটে চাঁদাবাজি এবং আদালতের বিচারকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ওই পাঁচজন হলেন মুজিবনগরের বাগোয়ান ইউপির আনন্দবাস ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলাম, সোনাপুর ওয়ার্ডের সদস্য সৌরভ উদ্দিন, ভবেরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য খোকন হাসেম, মানিকনগর গ্রামের আবদুস সালাম ও দিনমজুর আল-আমিন হোসেন।
মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন বলেন, গতকাল দুপুরে পাবনা জজ আদালতের কয়েকজন বিচারক ও তাঁদের পরিবারের সদস্যরা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন মেহেরপুর জজ আদালতের কয়েকজন বিচারক। পিকনিক স্পটের সামনে ইজাদারের লোকজন তাঁদের কাছে গাড়ি পার্কিংয়ের জন্য অতিরিক্ত টাকা চান এবং দুর্ব্যবহার করেন। খবর পেয়ে পাঁচজনকে আটক করে থানায় আনা হয়।
কামাল হোসেন আরও বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না।