মুজিবনগরে ৬৫টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের পলির মাঠে ১১ বিঘা জমির লিচু ও মেহগনিবাগানের ৬৫টির মতো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার দিবাগত রাতে গাছগুলো কাটা হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যক্তিরা। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, গ্রামের পলির মাঠে মঞ্জু মল্লিকের আড়াই বিঘা, ভেরুনিকা মল্লিকের দুই বিঘা, জসেদ মোড়লের তিন বিঘা, অক্ষয় মোড়লের দেড় বিঘা ও গোপালের দুই বিঘা জমি প্রায় তিন বছর ধরে বর্গা নিয়ে চাষাবাদ করছেন বাগোয়ান গ্রামের রশিদ ও রকিব। ওই জমিতে ৬৫টি লিচু ও ২৮টি মেহগনিগাছ রয়েছে। রশিদ ও রকিব জমিতে চাষাবাদ করা ছাড়াও ওই জমিতে থাকা গাছগুলো পরিচর্যা করতেন।
বর্গাচাষি রশিদ জানান, তিনি ও রকিব ১১ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করে আসছেন। গ্রামের অনেকেই এ জমিগুলো বর্গা নেওয়ার জন্য মালিকদের চাপ দেয়। কিন্তু বর্গা না দেওয়ায় হয়তো কেউ ক্ষুব্ধ হয়ে গাছগুলো কেটেছে।