মুজিবনগরের সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সকাল নয়টার দিকে বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ওই শিক্ষকের বরখাস্তের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে।
গত শুক্রবার সকালে একই স্কুলের এক নারী শিক্ষক কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে এসে ধর্ষণের শিকার হন। তিনি নিজে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় শনিবার রাতে ধর্ষণ মামলা করেছেন। মামলার একমাত্র আসামি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।
গতকাল সোমবার সকালে মুজিবনগরের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ঝাড়ু হাতে অংশ নিয়েছিলেন এলাকার কয়েক শ নারী। অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের চাকরিচ্যুতি এবং তাঁর দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় যোগ দেন ইউএনও হেমায়েত উদ্দীন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসনাইন কবির।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শরিফুল ইসলামকে রেজ্যুলেশন করে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
ইউএনও হেমায়েত উদ্দীন বলেন, প্রাথমিকভাবে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার চার্জ গঠন করলে নিয়মানুযায়ী তিনি স্থায়ীভাবে বরখাস্ত হবেন।