মুজিবুর অপহরণ মামলা সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালককে অপহরণের অভিযোগে করা মামলটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে। গত সোমবার রাতে সিআইডি মামলাটি পুলিশের কাছ থেকে বুঝে নিয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, সিআইডির পরিদর্শক সুরঞ্জিত তালুদকার পুলিশের কাছ থেকে মামলাটি বুঝে নিয়েছেন। এখন সিআইডির তত্ত্বাবধানে মুজিবুর ও তাঁর গাড়িচালক রেজাউল আদালতে জবানবন্দি দেবেন। মুজিবুর রহমান সুনামগঞ্জ শহরের হাজিপাড়ায় তাঁর নিজের বাসায় এবং রেজাউল হক আছেন পুলিশ হেফাজতে।

গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে অপহৃত হন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তাঁর গাড়িচালক। এ ঘটনায় মুজিবুরের আত্মীয় রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সেটিকে অপহরণ মামলা হিসেবে তালিকাভুক্ত করে। সাড়ে তিন মাস পর গত ১৮ আগস্ট ভোরে গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছে চোখ বাঁধা অবস্থায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।