মুজিবুর ও রেজাউলকে আদালতে নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর মুক্ত হওয়া যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হককে আজ শুক্রবার আদালতে নেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থাকায় তাঁদের আদালতে নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ঢাকা থেকে সুনামগঞ্জে নিয়ে আসার পর থেকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাঁদের নিয়ে অপহরণস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজ রাতে চালক রেজাউলকে সুনামগঞ্জের বাইরে নিয়ে যাবে পুলিশ। অপহরণের পর দুজনকে যেসব স্থানে আটকে রাখা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে তাঁরা উল্লেখ করেছেন, সেসব স্থানে প্রথমে রেজাউলকে নেওয়া হবে। পরবর্তী সময় একইভাবে মুজিবুর রহমানকেও নিয়ে ওই সব স্থানে যাওয়া হবে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ আজ বিকেলে প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মুজিবুর রহমান ও রেজাউলের কথাবার্তায় ব্যাপক গরমিল রয়েছে। আমরা তাঁদের দেওয়া তথ্য যাচাইবাছাই করে দেখছি।’

সুনামগঞ্জে নিয়ে আসার পর বুধবার রাত থেকেই মুজিবুর রহমান শহরের হাজীপাড়া এলাকার নিজ বাসাতেই পুলিশ হেফাজতে আছেন। সেখানে পুলিশি পাহারা রয়েছে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ছাড়া সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে গতকাল রাতে পুলিশ সুপারের কার্যালয়ে চালক রেজাউলের সঙ্গে তাঁর মা-বাবা দেখা করেছেন। রাত নয়টার দিকে তাঁদের দেখা হয়েছে বলে রেজাউলের বাবা ওয়াহিদুল হক জানান।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ‘দুজনই আমাদের হেফাজতে আছেন। মুজিবুর নিজ বাসায় আর চালক থানায় রয়েছেন। রোববার তাঁদের আদালতে নেওয়া হতে পারে।’

অপহৃত হওয়ার সাড়ে তিন মাস পর গত সোমবার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছে চোখ বাঁধা অবস্থায় মুজিবুর রহমান ও রেজাউল হককে ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন মুজিবুর। মুক্ত হওয়ার পর দুদিন রেজাউলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই দুজনকে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়।

গত ৪ মে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগদান শেষে সিলেটে যাওয়ার পথে মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক অপহৃত হন।