মুঠোফোন ও সৌদি সিমসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্পনি মুঠোফোন কোম্পানির চুরি হওয়া প্রায় সাড়ে চারশটি মুঠোফোন সেট ও সৌদি আরবের ছয়শটি মুঠোফোন সিম কার্ডসহ আটজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশকোনার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুঠোফোন সেট ও সিমসহ তাঁদের আটক করা হয়।
এপিবিএন সূত্র জানায়, গত ২৫ জুলাই সিম্পনি মোবাইল ফোন কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে জানায় যে, বিমানবন্দর ইমপোর্ট কার্গো থেকে তাদের মুঠোফোন সেট চুরি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে বিমানবন্দরে ‘স্কাই ক্যাপিটাল ইমপোর্ট কার্গো’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালানো হয়। কার্যালয়ের ফলস ছাদ থেকে চুরি হওয়া দুইশ ৩১টি মুঠোফোন সেট জব্দ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে ওয়াশিকুর রহমান, ফয়জুল ইসলাম, মাসুদ করিম ও এনামুল হক নামের কার্যালয়টির চার কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিকেল চারটার দিকে আশকোনার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বাকি মুঠোফোন সেট ও ছয়শ সৌদি সিমসহ ফরিদুল ইসলাম, আইয়ুব আলী, গোলাম কবির ও সাইদুর রহমান নামের চারজনকে আটক করা হয়।
এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।