মুঠোফোন চুরির অপবাদে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
একটি মুঠোফোন সেট চুরির অপবাদ দিয়ে যশোরের শার্শা উপজেলার যদুনাথপুর গ্রামে সাইফুল ইসলাম (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে যদুনাথপুর গ্রামের খালপাড়ের একটি গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।
সাইফুল যদুনাথপুর গ্রামের কাওছার সরদারের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সাইফুল নিজের বসতবাড়ির পাশে মুদি দোকান করেন।
এ ঘটনায় গতকাল দুপুরে নিহত সাইফুলের ভাই সোহরাব আলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন যদুনাথপুর গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৩৫) ও ইফাজতুল্লাহর ছেলে আইউব আলী (৩৪)।
মামলার বাদী বলেন, ভোরের দিকে লাঠিসোঁটা, দা-হাতুড়ি নিয়ে স্থানীয় ৮-১০ জন বাড়িতে গিয়ে সাইফুলকে তুলে খালপাড়ের দিকে নিয়ে দেবদারু গাছের সঙ্গে বেঁধে বেদম পিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় সাইফুলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাদী দাবি করেন, মুঠোফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
শার্শা থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে তিনি জানতে পারেন, কয়েক দিন আগে স্থানীয় রাশিদা বেগমের একটি মুঠোফোন চুরি হয়। ওই চুরির জন্য তিনি সাইফুলকে দায়ী করেন। ওই ফোনসেট উদ্ধারের জন্য তিনি সকালে স্থানীয় কয়েক যুবককে সাইফুলের বাড়িতে পাঠান। ওই যুবকেরা সাইফুলকে বাড়ি থেকে তুলে আধা কিলোমিটার দূরে খালপাড়ে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে।