মুঠোফোন চুরির অভিযোগে তিন শিশুকে মারধর
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে তিন শিশুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার কাটিয়ারা এলাকার বাসিন্দা অনন্ত দাসের ঘর থেকে একটি মুঠোফোন চুরি হয়। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে তিনি কাটিয়ারা গ্রামের বাসিন্দা সুকুমার দেবনাথের ছেলে পিন্টু দেবনাথকে (১০) আটক করেন। পরে একই এলাকার ইন্দ্রমোহন দাসের ছেলে নিখিল দাস (১২) ও বিষ্ণু দাসের ছেলে বিকাশ দাসকে (১৩) একই অভিযোগে ধরে আনা হয় তার বাড়িতে।
মোহন দাস দাবি করেন, তাঁর ছেলে মুঠোফোন চুরি করেনি। তিনি অভিযোগ করেন, সন্দেহজনকভাবে তাঁর ছেলেসহ তিন শিশুকে ধরে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।
বাড়ির মালিক অনন্ত দাস শিশুদের নির্যাতন করার অভিযোগ অস্বীকার করে জানান, ভোরে দরজা খোলা রেখে তিনি ঘরের বাইরে যান। এই সুযোগে পিন্টু ও তার দুই সঙ্গী ঘরে ঢুকে মুঠোফোন চুরি করে নিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, এ অভিযোগে অনন্ত দাস ও অতীন্দ্র দাসকে আটক করে থানায় আনা হয়েছে।