মুঠোফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত আন্তজেলা সংঘবদ্ধ দলের আটজনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে বগুড়ার শেরপুর থানার পুলিশ। এ সময় মুঠোফোন টাওয়ার থেকে চুরি করা ২০টি ব্যাটারিসহ তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছুলনা গ্রামের মিলন ইসলাম (২২), শরীয়তপুরের নড়িয়ার কানারগাঁও গ্রামের পারভেজ হোসেন (২৩), নওগাঁ সদর থানার খাগরাই গ্রামের কামাল হোসেন (২০), বরগুনার আমতলীর বাদুরগাছা গ্রামের শাজাহান আলী (২১), কুমিল্লার লাকসামের শ্রীযান বাজার এলাকার রুবেল হোসেন (১৯), ভোলার ইলিশার পরানগঞ্জ গ্রামের মো. ইব্রাহিম (২১), মাগুরার শালিখার হরিশপুর গ্রামের খায়রুল ইসলাম (২৩) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের মো. সোহেল (১৯)।
শেরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে উপজেলার গাড়িদহ এলাকার একটি দোতলা ভবনের ছাদের ওপরে স্থাপন করা টেলিটক মুঠোফোন টাওয়ারের দরজা ভেঙে ১২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই কোম্পানির সিস্টেম অপারেশনের বগুড়ার জ্যেষ্ঠ কর্মকর্তা শহুদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু পশ্চিম থানা-পুলিশের সহযোগিতায় গতকাল সকালে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে মুঠোফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত। গত ১৫ দিনে দেশের ছয়টি স্থানে মুঠোফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরি করেছেন বলে তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধার করা ব্যাটারিগুলোর মধ্যে গাড়িদহ থেকে চুরি হওয়া তিন লাখ টাকা মূল্যের ১২টি ব্যাটারি রয়েছে। বাকি আটটি ব্যাটারি বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে চুরি করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।