মুঠোফোন বিক্রি করতে গিয়ে প্রাণ গেল কিশোরের
মুঠোফোন বিক্রি করতে গিয়ে জীবন গেল লালমনিরহাটের দুলাল মিয়ার (১৪)। সে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাটোয়ারী গ্রামের হবিবর রহমানের ছেলে। সে স্থানীয় রাজপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গত শনিবার দুপুরে পুলিশ উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের আমন খেত থেকে দুলালের লাশ উদ্ধার করে। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গতকাল রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে দুলাল মিয়ার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হবিবর রহমান শনিবার রাতে লালমনিরহাট সদর থানায় কংস চন্দ্র বর্মণ (১৮) নামের এক তরুণসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুলাল মিয়া ২০-২৫ দিন আগে একটি মুঠোফোন কেনে। সেটি বিক্রি করতে সে ক্রেতা খোঁজ করতে থাকে।
গত মঙ্গলবার বিকেলে একই গ্রামের রবীন্দ্র চন্দ্র বর্মণের ছেলে কংস চন্দ্র বর্মণ দুলালের বাড়িতে এসে মুঠোফোনটি দেড় হাজার টাকায় কিনতে চায়। দুলাল এতে রাজি না হলে কংস চন্দ্র বর্মণ দুলালের বাড়ি থেকে চলে যায়। একই দিন সন্ধ্যায় কংস চন্দ্র বর্মণ মুঠোফোনে ফোন করে তাকে ডেকে নেন। এরপর পরিবারের সদস্যরা খোঁজ করে আর দুলালকে পাননি।
এ ঘটনায় হবিবর রহমান বৃহস্পতিবার সদর থানায় দুলাল নিখোঁজের বিষয় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার দুপুরে গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের রেললাইনের পাশে আমন খেতে দুলাল মিয়ার লাশ পাওয়া যায়।