মুঠোফোনে আত্মীয়তা, অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে অপহরণের পর এক শিশুকে হত্যা করেছেন এক ব্যক্তি। ঝিনাইদহ থেকে অপহরণের পর মাগুরার একটি গমখেত থেকে গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু আঁখি খাতুন (১১) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। সে হাসানহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আঁখির মামা আল-আমিন জানান, যশোরের বারিনগর এলাকার বাসিন্দা পরিচয়ে জুয়েল রানা (৩৫) নামের এক ব্যক্তি মুঠোফোনে আঁখির পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলেন। সখ্যের পর গত বুধবার তিনি আঁখিদের বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার আঁখির চাচা মনিরুজ্জামান পাসপোর্ট করতে ঝিনাইদহ শহরে যেতে চাইলে জুয়েল সঙ্গে যেতে চান। তাঁদের সঙ্গে যায় আঁখি ও তার চাচাতো বোন। বেলা ১১টার দিকে শহরের কোর্ট এলাকায় যাওয়ার পর মনিরুজ্জামানের কাছ থেকে টাকা ধার নিয়ে আঁখিকে কিছু কিনে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে যান জুয়েল। বসে থাকেন মনিরুজ্জামান ও আঁখির বোন। দীর্ঘ সময় অপেক্ষার পর দুজন না ফিরলে খোঁজাখুঁজির পর মনিরুজ্জামান বাড়ি ফিরে যান।
আল-আমিন আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েলের বাড়ির ঠিকানা যশোরের বারিনগরে গিয়ে ওই নামে কাউকে পাওয়া যায়নি। পরে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে জুয়েল তাঁদের কাছে মুক্তিপণ চান। তাঁরা টাকা দিতে রাজি হন। কিন্তু কিছু সময় পরই মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর গতকাল সকালে খবর পান, মাগুরায় আঁখির লাশ পাওয়া গেছে।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বলেন, মেয়েটির লাশ উপজেলার গজনগর এলাকার একটি গমখেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে তাঁরা লাশটি উদ্ধার করেন। মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সে ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, আদম ব্যবসা বা পারিবারিক শত্রুতা থেকেও এ ঘটনা ঘটতে পারে। দুপুরে শালিখা থানায় মেয়েটির বাবা মামলা করেছেন।