মুঠোফোনে আত্মীয়তা গড়ার নামে প্রতারণা
মুঠোফোনে পরিচয়। এরপর ধর্ম আত্মীয়তা সম্পর্ক গড়ে বেড়াতে এসে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই প্রতারক। মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুই প্রতারক হলেন পাবনার সাঁথিয়া উপজেলার রবিউল ইসলাম (২৮) ও গোপালগঞ্জের দ্বীন মুহম্মদ (৩২)।
থানা-পুলিশ সূত্র জানায়, হাবিবুর রহমানের পরিবারের সঙ্গে ওই দুই যুবকের মুঠোফোনে পরিচয় হয়। পরে তাঁরা ধর্ম আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে শুক্রবার মাগুরায় বেড়াতে আসেন। দুই প্রতারক ওই বাড়ির রাতের খাবারে কৌশলে চেতনানাশক মিশিয়ে দেন। ওই খাবার খেয়ে ঘরের আটজন সবাই অচেতন হয়ে পড়েন। এ সুযোগে প্রতারকেরা ঘরের জিনিসপত্র গোছাতে থাকেন। বিষয়টি হাবিবুরের ভাই সিন্দবাদ হোসেন বিষয়টি টের পেয়ে গ্রামবাসীকে ডেকে এনে দুই প্রতারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।