মুঠোফোনে কথা বলার সুযোগ, দুই পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক পাঁচজনকে তাঁদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাঁরা হলেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল খোরশেদ আলম ও মোহাম্মদ আইয়ুব। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার তাঁদের বরখাস্ত করা হয়। নগর পুলিশের উপকমিশনার (সদর) মাসুদ-উল-হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রোববার বেলা পৌনে একটায় জঙ্গি সন্দেহে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতা, পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), মোহাম্মদ আমিন (৫০) ও সৌদিপ্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ। গত সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আহম্মদ সাঈদ তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।