মুঠোফোনে চাঁদা দাবি ব্যবসায়ীরা আতঙ্কে
নরসিংদীতে চরমপন্থী, ডাকাত, সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীদের মুঠোফোনে কল করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়েছে। এতে আতঙ্কে আছেন সবাই।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ ধরে জেলার শীর্ষ প্রায় ১০০ ব্যবসায়ীর মুঠোফোনে কল করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা, ডাকাত সর্দার, চরমপন্থী ও সর্বহারা নেতার পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে চাঁদা দাবি করা হচ্ছে। এমন ঘটনায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যবসায়ীরা।
অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে কল করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সভাপতি দাবি করে বলা হয় যে বিদেশে ও দেশের সীমান্তে তাঁদের লোকজন চিকিৎসাধীন রয়েছে, জরুরি টাকার প্রয়োজন। তাই বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হবে। নইলে বড় ধরনের ক্ষতি হবে।
একই অভিযোগ করেন নরসিংদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি মোশাররফ হোসেন, এমএমকে ডায়িং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোমেন মোল্লা, আল-আমিন কালার ও এথ্রি কালার পয়েন্টের পরিচালক সঞ্জয় সাহা।
সর্বশেষ গতকাল শনিবার বেলা সোয়া তিনটার দিকে মাধবদীর বস্ত্র ব্যবসায়ী বোরহান ভূঁইয়া ও সাড়ে তিনটায় মুহিত ভূঁইয়াকে কল করে চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে অনেক ব্যবসায়ীকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কে রয়েছেন তাঁরা।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। জেলার শতাধিক ব্যবসায়ীর মোবাইলে বিভিন্ন পরিচয়ে টাকা পাঠাতে হুমকি দেওয়া হয়েছে। এখনো দিচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম বলেন, নদীভাঙন এলাকা থেকে নিঃস্ব হওয়া লোকজন রাজধানীর বিভিন্ন বস্তিতে আশ্রয় নেন। তাঁর ধারণা, এঁরাই মূলত বিভিন্ন সন্ত্রাসী, সর্বহারা, কমিউনিস্ট পার্টির নেতা, চরমপন্থী পরিচয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।