মুঠোফোনে চাঁদাবাজি স্কুলশিক্ষিকা গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় শিশু অপহরণের হুমকি দিয়ে মুঠোফোনে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নওরিন ফেরদৌস নামের এক স্কুলশিক্ষিকাকে গত সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তাঁর এক বন্ধুকে আটক করা হয়েছে।
নওরিনকে (২২) উপজেলার তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষিকা।
নওরিনের বাড়ি গাংনীর চৌগাছা বিশ্বাসপাড়া এলাকায়। তাঁর বন্ধুর নাম একরামুল হক (২৭)। একরামুলের বাড়ি গাংনী পৌর শহরের মালশাদহ এলাকায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে থানায় গণমাধ্যমকর্মীদের বলেন, প্রায় দুই সপ্তাহ আগের ঘটনা। গাংনী শহরের কাথুলি মোড় এলাকার ইয়াসিন ফার্মেসির মালিক আফতাব উদ্দীনের কাছে মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে একটি পুরুষ কণ্ঠে সোনার গয়না দাবি করা হয়। তা না দিলে আফতাবের শিশুপুত্রকে হত্যা করা হবে বলে ভয় দেখানো হয়। শিশুটিকে বাঁচাতে দুই ভরি ওজনের সোনার গয়না পৌর এলাকার একটি মাঠের নির্দিষ্ট স্থানে রেখে আসার কথা বলে ওই কণ্ঠ। আফতাব তাই করেন। কিন্তু কিছুদিন পর আবার একই মুঠোফোন নম্বর থেকে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তা না হলে তাঁর শিশুকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি ওই নম্বরে পাঁচ কিস্তিতে ৮৯ হাজার টাকা বিকাশ করেন। কিন্তু আরও টাকা দাবি ও শিশুকে অপহরণের হুমকি দিলে আফতাব গাংনী থানায় অভিযোগ দেন। এই প্রেক্ষাপটে পুলিশ ওই মুঠোফোনেরসিমের মালিক নওরিন ফেরদৌসকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নওরিন বলেন, তাঁর বন্ধু একরামুল তাঁর (নওরিন) মুঠোফোন নম্বর ব্যবহার করে চাঁদা দাবি ও বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করেছেন। পরে একরামুলকে আটক করে পুলিশ।
গতকাল বিকেল চারটার দিকে জানতে চাইলে ওসি আকরাম প্রথম আলোকে বলেন, আফতাব গত সোমবার সন্ধ্যায় নওরিনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছেন। নওরিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বন্ধু একরামুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁকেও গ্রেপ্তার দেখানো হবে।