মুঠোফোনে টাকা পাঠিয়ে ভোট কেনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপের নির্বাচনী প্রচারণা গত বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হলেও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রার্থী ও কর্মীদের আনাগোনা থেমে নেই। এক পক্ষ ভোট কেনার চেষ্টায় আছে। আরেক পক্ষ তাদের বাধা দিতে রাত জেগে পাহারা দিচ্ছে। মুঠোফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট কেনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, দল বেঁধে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা রাত জেগে পাহারা দিচ্ছেন। ৩ নম্বর ওয়ার্ডের ভোটার ইসলাম বলেন, ‘প্রতিদিন ১০-১৫ জন বন্ধু মিলে লাঠি, টর্চ ও বাঁশি নিয়ে রাত জেগে কয়েকটি এলাকা পাহারা দিচ্ছি।’ তবে কোনো কোনো প্রার্থী মুঠোফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট কিনে নিচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত একটার দিকে নিয়ামতপুর ইউনিয়নের ঘোনাবাড়ি এলাকায় এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা বিলির খবর ছড়িয়ে পড়লে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সাতজন আহত হন।
আজ শনিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, হোসেনপুর ও ইটনা উপজেলার ৪২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।