মুঠোফোনে ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ মখদুম থানা পুলিশের একটি দল গত শুক্রবার রাতে নগরের নওদাপাড়া এলাকা থেকে তাদের আটক করে। এ সময় অপহরণের শিকার আবদুর রশিদ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
আবদুর রশিদ জেলার মোহনপুর উপজেলার বেড়পাড়া এলাকার বাসিন্দা। রাতেই এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন নগরের ছোট বনগ্রাম এলাকার মৃত ইয়াকুবের ছেলে সুমন (২৮), শাহ মখদুম থানার বায়া পালপাড়া এলাকার আমিরুলের ছেলে মিলন (২৫), ইন্তাজুলের ছেলে সোহাগ (২০), ইব্রাহিমের ছেলে রুবেল (২৫), আমচত্বর এলাকার এক নারী (৪৫), তাঁর মেয়ে (২০) ও বাগমারা উপজেলার মোহনগঞ্জ ঘুরিপাড়া এলাকার মিনাতাবের মেয়ে সুমি (২০)। এঁরা নওদাপাড়া এলাকায় বাস করেন।
শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সম্প্রতি অপহরণকারী চক্রের এক নারী সদস্য মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলেন আবদুর রশিদের বন্ধু আলমকে। ওই নারী দেখা করার জন্য তাঁকে নওদাপাড়ায় আসতে বলেন। শুক্রবার সন্ধ্যায় আলম বন্ধু আবদুর রশিদকে সঙ্গে নিয়ে দেখা করতে গেলে তাঁদের আটকে রাখা হয়। এ সময় মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে ওই চক্র। অবশেষে ৩০ হাজার টাকায় দফারফা হয়। এ পর্যায়ে টাকা নিয়ে আসার জন্য আলমকে তাঁরা ছেড়ে দেন। ছাড়া পেয়ে আলম পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা ব্যক্তিরা প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন।