পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই মো. সুজাউল ইসলামকে (৩২) পূর্বপরিকল্পনা অনুযায়ী মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। তবে হত্যাকাণ্ডের পর দুই দিনেও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত রোববার সন্ধ্যায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এএসআই সুজাউল। সোমবার সকালে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে খেত থেকে তাঁর হাত, পা, মুখ ও চোখ বাঁধা এবং গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও ঠোঁটে কাটা দাগ ছিল।
এ ঘটনায় পাকশী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম সোমবার হত্যা মামলা করেছেন। রেজাউল করিম বলেন, সুজাউলের মুঠোফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ সুজাউলের মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করে দেখেছে, রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর মুঠোফোনে বিভিন্ন নম্বর থেকে কল আসে। পাশাপাশি তাঁর লাশ পাওয়া গেছে প্রধান সড়ক থেকে ভেতরে সংযোগ সড়কের পাশে। পুলিশ সাধারণত সন্ধ্যার পর প্রধান সড়কই ব্যবহার করে। পুরো ঘটনা বিশ্লেষণ করে পুলিশের সন্দেহ হচ্ছে, দুর্বৃত্তরা টোপ দিয়ে সুজাউলকে ফোনে ডেকে নিয়ে যায় এবং হত্যা করে। এ জন্য তারা মুঠোফোনও নিয়ে গেছে।
সুজাউল পাকশী রেলওয়ে কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওই কলোনির পাশে পদ্মা নদীর ধারে রেলের জায়গায় অবৈধ দখল নিয়ে গড়ে উঠেছে ‘হঠাৎ পাড়া’ নামে একটি জনবসতি। এই হঠাৎ পাড়ায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা ছিল। এ ছাড়া সম্প্রতি পাকশীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। সুজাউল এ অভিযানগুলোতে থাকতেন।
পুলিশ সুপার আলমগীর কবির বলেন, এখনো হত্যার মূল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির কারণ বের করার জন্য সিআইডিসহ একাধিক সংস্থা কাজ করছে। তবে খুব শিগগির অপরাধীদের শনাক্ত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।