মুঠোফোনে প্রতারণার হরেক কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট ও রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। কখনো লটারিতে বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তির ভুয়া সংবাদ দিয়ে, আবার কখনো দুর্ঘটনায় স্বজনের আহত হওয়ার অসত্য সংবাদ দিয়ে জরুরি চিকিৎসার কথা বলে প্রিয়জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।
গত ১৩ জুলাই কৃষি ব্যাংক বাগেরহাট সিঅ্যান্ডবি বাজার শাখার ব্যবস্থাপক খান আবুল বাশারের মুঠোফোনে ফোন করে জনৈক ব্যক্তি নিজেকে কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মী পরিচয় দেন। অফিসের মুঠোফোন নম্বর কম্পিউটারাইজড করার কথা বলে ওই ব্যক্তি আবুল বাশারকে দুই ঘণ্টা মুঠোফোন বন্ধ রাখতে বলেন এবং দুজন নিকটাত্মীয়ের মুঠোফোন নম্বর চান। আবুল বাশার তাকে স্ত্রীর নম্বর দেন এবং অফিসের মুঠোফোন বন্ধ করে রাখেন।
আবুল বাশার বলেন, ‘এর কিছু পরে আমার স্ত্রীর মুঠোফোনে ফোন করে কে বা কারা জানায় যে আমি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছি। তারা আমাকে খুলনায় নিয়ে যাচ্ছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে তারা আমার স্ত্রীকে একটি বিকাশ নম্বরে দুই দফায় ১৪ হাজার টাকা পাঠাতে বলে। আমার স্ত্রী সরল বিশ্বাসে টাকা পাঠিয়ে দেন। পরে প্রতারণার বিষয়টি জানাজানি হলে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।’
একই দিন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজমের কাছে কুমিল্লায় কর্মরত বিজিবির মেজর পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি মুঠোফোনে বলেন, শাহীন হাওলাদার নামে বাগেরহাট থানার একটি মামলার এক পলাতক আসামি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর চিকিৎসার কথা বলে দুই দফায় বিকাশের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
প্রায় দুই মাস আগে একই ধরনের ঘটনায় বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর পরিবার দেড় লক্ষাধিক টাকা খুইয়েছে। তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারকেরা কয়েক দফায় এই টাকা হাতিয়ে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি পরিবারের সদস্যরা।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, কিছু প্রতারক চক্র প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি, একটি প্রতারক চক্র মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিতে সচেষ্ট রয়েছে। ব্যাংক কর্মকর্তাদের কাছে চাঁদা দাবির সাম্প্রতিক ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করছে। এ ধরনের ঘটনার বিষয়ে সতর্ক থাকার ও দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবাইকে পরামর্শ দেন।
গোয়ালন্দ বাজারের বিভিন্ন মুঠোফোন কোম্পানির এজেন্ট ইউসুফ টেলিকমের স্বত্বাধিকারী মো. ইউসুফ সরদার জানান, গত ১৮ জুলাই শহরের ঘোনাপাড়ার মিঠুন নামের এক গ্রাহকের মুঠোফোনে জানানো হয়, লটারিতে বিজয়ী হয়ে তিনি একটি গাড়ি পেয়েছেন। এ জন্য নগদ ১৬ হাজার ৫০০ টাকা বিকাশ করতে বলে। মিঠুন ইউসুফ টেলিকম থেকে বিকাশ করে পুরো টাকাই পাঠান। পরে ওই নম্বরে যোগাযোগ করে বন্ধ পাওয়ায় বুঝতে পারেন প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন।
আরেক মুঠোফোন এজেন্ট রবি কুমার দাস জানান, কয়েক দিন আগে শহরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে মুঠোফোনের লটারিতে গাড়ি জেতার কথা বলে ৩৩ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। ওই ছাত্রী তাঁর বাবাকে ৩০ হাজার টাকা দিয়ে চক্রের দেওয়া মুঠোফোনে বিকাশ করতে বলেন। টাকা দেওয়ার পর আরও টাকা চাইলে বিকাশ ও ডাচ বাংলার মাধ্যমে প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা পাঠানো হয়। পরে বিষয়টি জানাজানি হয়।
গোয়ালন্দঘাট থানার সদ্য যোগদানকারী ওসি আবদুল খালেক বলেন, অধিকাংশ ক্ষেত্রে নিবন্ধনবিহীন সিম দিয়ে প্রতারক চক্র এভাবে অর্থ হাতিয়ে নেয়। কেউ ক্ষতির শিকার হলেও লজ্জায় পুলিশের কাছে আসতে চান না। তবে এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।