মুঠোফোনে প্রশ্ন ছড়িয়ে দেওয়ার চেষ্টা, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি-৫’ ইউনিটের (নাট্যকলা) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি মুঠোফোনে তুলে তা ইন্টারনেটের মাধ্যমে বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করায় এক পরীক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম সরদার এ আদেশ দেন।
দণ্ডিত ভর্তি পরীক্ষার্থীর নাম মো. আলী রাজ রাজু চৌধুরী। গত বৃহস্পতিবার সকালে ‘বি-৫’ ইউনিটের (নাট্যকলা) ভর্তি পরীক্ষায় তিনি অংশ নেন। পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পর মুঠোফোনের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তোলেন তিনি। পরে তা মুঠোফোনে থাকা ইন্টারনেট সংযোগের মাধ্যমে বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করেন হল পরিদর্শক। পরে তাঁকে বিচারের মুখোমুখি করা হয়।
এর আগে গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়া ও জালিয়াতির অভিযোগে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, জালিয়াতির আশ্রয় নেওয়া ভর্তি-ইচ্ছুক ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।