মুঠোফোনের আইএমইআই নম্বর নষ্ট করায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান এলাকা থেকে মুঠোফোনের আইএমইআই নম্বর নষ্ট করে অপরাধমূলক কাজে সহযোগিতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মোক্তার আমিন ও রাজু আহম্মেদ। গত শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ তাঁদের গ্রেপ্তার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিমের একটি দল গুলিস্তান পাতাল মার্কেটে অভিযান চালায়। অভিযানে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজতে থাকা ২১টি পুরোনো ও ব্যবহৃত মুঠোফোন সেট, মুঠোফোনের আইএমইআই নম্বর ফ্ল্যাশ ও পরিবর্তনের কাজে ব্যবহৃত ১০টি বিভিন্ন মডেলের ডিভাইস, দুটি মনিটর ও দুটি সিপিইউ উদ্ধার করা হয়।
ডিবির ভাষ্য, একটি চক্র অল্প দামে চুরি বা ছিনতাই করা মুঠোফোন কেনে। পরে তারা ওই ফোনগুলোর আসল আইএমইআই নম্বর নষ্ট করে ভুয়া আইএমইআই নম্বর সংযোজন করে। এসব মুঠোফোন বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয় বা অন্য কারও কাছে বিক্রি করা হয়। এ ব্যাপারে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। ডিবি পশ্চিমের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানের নির্দেশনায় শনিবারের অভিযানটি পরিচালিত হয়।