মুঠোফোনের চার্জ ১৫ টাকা!
কালবৈশাখীর কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন ছিল প্রায় ৮২ ঘণ্টা। এ সুযোগে ভ্রাম্যমাণ জেনারেটরের মাধ্যমে মুঠোফোন চার্জ করে মোটা অঙ্কের টাকা কামিয়ে নিয়েছেন একশ্রেণির ব্যবসায়ী। মুঠোফোনপ্রতি চার্জ ধরা হয়েছে ১০ থেকে ১৫ টাকা।
গত শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে মঙ্গলবার দিবাগত রাত চারটা পর্যন্ত টানা বিদ্যুৎবিহীন ছিল এ উপজেলার পৌরসভাসহ আশপাশের কয়েকটি এলাকা। এ সুযোগে প্রতিটি মুঠোফোন চার্জ দিতে তাঁরা ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত নিয়েছেন। বানাইল মহল্লার আফজাল হোসেন (৪৫) বলেন, ‘দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভুতুড়ে অবস্থা হয়েছে। আমি এক ডেকোরেটর ব্যবসায়ীকে ১৫ টাকা দিয়ে তাঁর জেনারেটর থেকে মোবাইলে চার্জ করে নিয়েছি।’
ভ্রাম্যমাণ জেনারেটর ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মুঠোফোনের চার্জ শেষ হয়। আমরা জেনারেটর চালু করে চার্জ দিয়েছি। এ জন্য কিছু টাকা নিয়েছি।’