
রাজশাহীর পবা উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। ধারণ করা হয়েছে নির্যাতনের ভিডিও চিত্রও। এ ঘটনায় এক সেনা ও এক র্যা ব সদস্যসহ ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে আটক করেছে।
রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রামে গত শুক্রবার এই নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই কিশোর অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান ও ইমন আলী। গুরুতর আহত অবস্থায় জাহিদকে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জাহিদের বাবা ইমরান আলী গত শনিবার রাতে পবা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহিদ হাসান গত শুক্রবার দুপুরে তার নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে আসামিরা তাঁকে ধরে আনেন। তাঁরা চৌবাড়িয়া গ্রামের ফজলু মিঞার ঘরে নিয়ে জাহিদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলেন। ইমনকে আগেই সেখানে এনে আটকে রাখা হয়। আসামিরা একটি মুঠোফোন চুরি করার কথা স্বীকার করানোর জন্য রাত ১০টা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চালান। স্বীকারোক্তির বক্তব্য রেকর্ড করে রাখার জন্য নির্যাতনের ওই দৃশ্য ভিডিও চিত্রে ধারণ করা হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, কিছুটা অন্ধকার একটি ঘরে দুই কিশোরকে চেপে ধরে আছেন কয়েকজন লোক। আর কয়েকজন লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটাচ্ছেন। কিশোরেরা আর্তচিৎকার করছে। এ সময় তাদের হাত বাঁধা ছিল।
জাহিদ ও ইমন বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ইমনের বাড়ি একই উপজেলার চৌবাড়িয়া গ্রামে। তার বাবা-মা বেঁচে নেই। সে দাদা মকবুল হোসেনের বাড়িতে থাকে। গতকাল রোববার সকালে ইমনের দাদা মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত থেকে ইমনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে গত রাতে জানা গেছে সে সুন্দলপুরে নানার বাড়িতে আছে। রাতে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জাহিদের পরিবার জানায়, মুঠোফোন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় শেষ পর্যন্ত জাহিদকে তার বাবা ইমরান আলীর হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত জাহিদকে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
জাহিদ প্রথম আলোকে জানায়, শুক্রবার সকালে স্থানীয় ফজলু মিঞার ছেলে রাকিবের একটি মুঠোফোন চুরি হয়। ওই ঘটনার পর প্রথমে ইমনকে আটক করে। ইমন চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে বলে, এতে জাহিদও জড়িত। এরপর অভিযুক্তরা তাকেও ধরে নিয়ে নির্যাতন করেন।
জাহিদের পরিবার অভিযোগ করেছে, পরে নির্যাতনের ঘটনা চেপে যাওয়ার জন্য আসামিরা তাদের নানাভাবে চাপ দিচ্ছেন। জাহিদকে ছেড়ে দেওয়ার সময় সাদা কাগজে তার বাবা ইমরান আলীর স্বাক্ষরও নেওয়া হয়।
এ ঘটনায় জাহিদের বাবার করা মামলার আসামিরা হলেন বগুড়া সেনানিবাসে কর্মরত সেনাসদস্য নাসির উদ্দিন, র্যা বের সদস্য সাগর (পুলিশ কনস্টেবল), চৌবাড়িয়া গ্রামের রাকিব ও তাঁর বাবা ফজলু মিঞা এবং পলাশ, তুহিন, কমল, রাজ্জাক, আজিজুলসহ আরও দুজন। স্থানীয় বাসিন্দা জানান, ওই সেনা ও র্যা ব সদস্য ছুটিতে বাড়ি এসেছিলেন।
সেনাসদস্য নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই নির্যাতনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মারিনি।’
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নির্যাতনের সঙ্গে নাসির জড়িত রয়েছেন। তাঁকে ভিডিও চিত্রে দেখা গেছে। এজাহারভুক্ত আসামি আজিজুলকে বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে নাসিরসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
ওসি বলেন, কনস্টেবল সাগর র্যা বে কর্মরত বলে এলাকাবাসী সূত্রে তাঁরা জেনেছেন। তবে সাগর কোন ইউনিটে রয়েছেন, সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত নয়। অনুমতি পেলে তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।