নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পুলক চন্দ্র রাউতের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে পুলকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁরা হচ্ছেন উত্তর বাউরবাগ গ্রামের আবদুল কুদ্দুস (১৯) ও শাহাব উদ্দিন ওরফে শাবু (২০)। এঁদের সঙ্গে স্বপন বিশ্বাস (২০) নামে একই এলাকার আরেক ব্যক্তি জড়িত। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, চারিকাটা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পান্না রাউতের ছেলে পুলক ১০ ডিসেম্বর বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওষুধ কেনার জন্য সারীঘাট বাজারে যায়। সেখান থেকে আর বাড়ি না ফেরায় পরদিন জৈন্তাপুর থানায় তার বাবা পান্না একটি সাধারণ ডায়েরি করে ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান। পুলকের সঙ্গে একটি দামি মুঠোফোন ছিল। মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে পুলিশ কুদ্দুস ও শাহাবউদ্দিনকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রাতে এ দুজন পুলক হত্যার দায় স্বীকার করে লাশ ফেলার স্থান পুলিশকে জানায়। এ দুজনের তথ্যমতে গতকাল শুক্রবার সকালে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিকি এলাকার একটি মৎস্য খামারের পেছন থেকে লাশ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল কবির প্রথম আলোকে জানান, পুলকের হাতে থাকা মুঠোফোন হাতিয়ে নিতেই শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করেছেন আটক দুজন। তাঁদের সঙ্গে স্বপন নামের আরও একজন ছিলেন। এই তিনজনকে আসামি করে পুলকের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওসি আরও জানান, মুঠোফোনের জন্য হত্যা ও পরে লাশ সড়কের পাশে ফেলে রাখার বিষয়টি আটক দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন। এ দুজন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।