মুঠোফোনের লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মুঠোফোন উপহার দেওয়ার লোভ দেখিয়ে একজন বাসচালক মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর পরিবার গত মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা করেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মিলন মিয়া (২৪)। তিনি উপজেলার কালেরপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর (১৩) বাড়ি এলাংগী ইউনিয়নের একটি গ্রামে। এক বছর আগে সে পরিবারের সঙ্গে ভাড়া বাসে বগুড়ার মহাস্থানগড়ে বেড়াতে যায়। সেই বাসের চালক ছিলেন মিলন। এ সুবাদে তাঁর সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরে মিলন ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করা শুরু করেন। সর্বশেষ ২৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে তিনি মেয়েটিকে মুঠোফোন উপহার দেওয়ার কথা বলে বাড়ির অদূরে মাঠে ডেকে নেন। সেখানে আটকে রেখে তাকে ধর্ষণ করেন মিলন। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। ঘটনার পর থেকে মিলন মিয়া পলাতক রয়েছেন।

মাদ্রাসাছাত্রীর বাবা এ ঘটনায় মঙ্গলবার রাতে মিলন মিয়া ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা করেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।