মুঠোফোন ক্লোন করে প্রতারণা করছে একদল দুর্বৃত্ত। প্রতারক চক্রটি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোন ক্লোন করে মাত্র কয়েক দিনে ৩৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটির একজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে এসেছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি বরিশাল জেলা প্রশাসকসহ বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করেন প্রতারক চক্রের হোতা শহীদুল ইসলাম ওরফে সাইদুল। একজন সচিবকে জড়িয়ে তিনি জনপ্রতিনিধিদেরকাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করেন। মাত্র ১৫ দিনে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেন।
সর্বশেষ ১০ জানুয়ারি হিজলা ইউএনও আবু জাফর রাশেদের মুঠোফোন নম্বর ক্লোন করে একই উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের কাছে ৫০ টন টিআর বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। এ সময় সচিবের নামে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন শহীদুল। তাঁর পাঠানো মুঠোফোন নম্বরে টাকা বিকাশ করা হয়। পরে ওই চেয়ারম্যান টাকা পাঠানো নিয়ে ইউএনওর সঙ্গে কথা বললে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ওই দিনই হিজলা থানায় মামলা করেন চেয়ারম্যান। ওই মামলার সূত্র ধরে জেলা পুলিশের বিশেষ দল সাইবার প্রতারক চক্রের অন্যতম হোতা শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশী গ্রামে। বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, সাইবার প্রতারক চক্রের মূল ঘাঁটি রাজৈর ও লালমনিরহাটে। তারা বেশির ভাগ সময় ঢাকার বাড্ডা ও গাজীপুরের টঙ্গীতে অবস্থান করে।
পুলিশ সুপার বলেন, সাইবার প্রতারক চক্র বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের মুঠোফোন নম্বর তাঁদের অজান্তে ব্যবহার করত। বিষয়টি কোনোভাবেই জানতে পারতেন না প্রকৃত নম্বর ব্যবহারকারী।