মুঠোফোনে উত্ত্যক্ত করায় যুবকের দণ্ড
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গৃহবধূকে মুঠোফোনে উত্ত্যক্ত করায় গোলাপ হোসেন (২৫) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ ওই যুবককে দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত গোলাপ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাসিন্দা গ্রামের আফছার আলী ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, মুঠোফোনে আক্কেলপুর পৌরশহরের এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন গোলাপ। অতিষ্ঠ হয়ে গৃহবধূ নিজের ঠিকানা দিয়ে গোলাপকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। গৃহবধূ এ ঘটনা পুলিশকে জানান। বৃহস্পতিবার বিকেলে গোলাপ ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে এলে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত গোলাপকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোলাপকে কারাগারে পাঠানো হবে।