মুঠোফোন কোম্পানির কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার রাতে বিশ্বজিৎ সেন (৪২) নামে একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, বিশ্বজিৎ একটি মুঠোফোন কোম্পানির গুলশান কার্যালয়ের ডিভাইস ব্যবস্থাপক।
থানা পুলিশ জানায়, বিশ্বজিৎ ক/২৫ জগন্নাথপুরে ছয়তলায় একটি বাসায় একা থাকতেন। তাঁর স্ত্রী থাকেন চট্টগ্রামে। পাশে দুই কক্ষের বাসায় থাকেন আরেকটি মুঠোফোন কোম্পানির দুই কর্মকর্তা। গতকাল বিকেলে বিশ্বজিৎকে তাঁর স্ত্রী মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও সাড়া পাননি। তিনি পাশের বাসিন্দাদের কাছে ফোন করে তাঁর স্বামীর খোঁজ জানতে চান। তাঁরা গিয়ে বিশ্বজিতের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডেকেও তাঁর সাড়া না পেয়ে বিকল্প চাবি নিয়ে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।
থানার ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।