মুঠোফোন চুরির ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দক্ষিণ সাঙ্গর গ্রামে মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দক্ষিণ সাঙ্গর গ্রামের লোকমান মিয়ার ছেলে সাইদুর রহমানের একটি মুঠোফোন চুরি হয়। একই গ্রামের আওয়াল মিয়ার ছেলে মিন্টু মিয়া মুঠোফোনটি তাঁর বলে দাবি করেন। এ নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাইদুরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুর ও মিন্টু মিয়ার পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে দক্ষিণ সাঙ্গর গ্রামের জিয়াউর রহমান (২৫), রিপন মিয়া (৩০), সাবাজ মিয়া (৩০), সিরাজ আলী (২২), ভিংরাজ মিয়া (৫০), আওয়াল (৫৫), সানু মিয়া (২৩), রুবেল (৩০), জাহাঙ্গীর (৩০), আহমদ আলীসহ (৩৫) ২৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর জেলা আধুনিক সদর এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, একটি মুঠোফোন চুরির ঘটনা নিয়ে দুই তরুণের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয়, পরে তা তাঁদের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে কোনো পক্ষই এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি।