মুঠোফোন ছিনতাইয়ের ৫ চক্রের ৩১ সদস্য গ্রেপ্তার: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

মুঠোফোন ছিনতাইয়ের পাঁচটি চক্রের ৩১ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

গতকাল সোমবার সন্ধ্যার পর ঢাকার লালবাগ, পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাঁও, হাতিরঝিল, ওয়ারিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-৩-এর ৭টি দল।

গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, যে ৩১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা মুঠোফোন ছিনতাইয়ের পাঁচটি চক্রের সদস্য।

র‍্যাব-৩-এর ভাষ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গুলিস্তানের ছিনতাই চক্রের প্রধান রাকিব, পল্টনের ছিনতাই চক্রের প্রধান বিল্লাল হোসেন, রমনার ছিনতাইকারী চক্রের প্রধান পারভেজ, শাহবাগের ছিনতাইকারী চক্রের প্রধান নাছির উদ্দিন ও মতিঝিলের ছিনতাই চক্রের প্রধান ইউসুফ ব্যাপারী রয়েছেন। গ্রেপ্তার বাকি ব্যক্তিরা তাঁদের সহযোগী।

র‍্যাব-৩-এর অধিনায়ক বলেন, ছিনতাইয়ের পর চক্রের সদস্যরা মুঠোফোনের আইএমইআই পরিবর্তন করেন। পরে তা বিভিন্ন বিপণিবিতানে বিক্রি করেন। তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি মুঠোফোন, ট্যাব ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৩ জানায়, তাদের আওতাধীন এলাকায় ২০টির বেশি মুঠোফোন ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের প্রধান টার্গেট পথচারীরা।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মুঠোফোন ছিনতাইকারী চক্রে আরও যাঁরা আছেন, তাঁদের আইনের আওতায় আনতে তাঁরা সক্রিয় রয়েছেন।