মুঠোফোন নিয়ে সহপাঠী ও বন্ধুদের মধ্যে বিবাদের জের ধরে ময়মনসিংহ শহরের স্কুলছাত্র ইসতিয়াক আহমেদ ওরফে তন্ময়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ ও ইসতিয়াকের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসতিয়াক আহমেদ (১৬) সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের নওমহল এলাকায় থাকত। তাদের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরে। তার বাবা ফরিদ আহমেদ ব্যবসা করেন।
পুলিশ ও নিহত ইসতিয়াকের পরিবার সূত্রে জানা যায়, ইসতিয়াকদের বাসায় থেকে পড়ালেখা করে অর্ণব নামে তাদের এক আত্মীয়। অর্ণব ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যায় ইসতিয়াক ও অর্ণব বাসায় ছিল। সে সময় ইসতিয়াকের মুঠোফোনে ফোন করে বাইরে যেতে বলে তার এক বন্ধু। ফোন পেয়ে ইসতিয়াক ও অর্ণব বাসার বাইরে আসে। পরে তারা তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় একটি কলেজের পাশে নির্জন স্থানে বসে আড্ডা দেয়। ওই সময় মুঠোফোন নিয়ে পূর্ববিরোধের জের ধরে বন্ধুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসতিয়াককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাঁরা ইসতিয়াককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপস্থিত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত শুক্রবার রাতে পুলিশ এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অর্ণবকে থানায় নিয়ে যায়। ইসতিয়াকের বাবা ফরিদ আহমেদ বলেন, ‘শুনেছি আমার ছেলের একটি মুঠোফোন সমবয়সী কয়েকজন ছেলে নিতে চেয়েছিল। সে মুঠোফোন দেয়নি। ইসতিয়াকের মুঠোফোনের কললিস্ট থেকেই জানা যাবে শুক্রবার সন্ধ্যায় কে তাকে ফোন করে ডেকে নিয়েছিল। তবে মুঠোফোনটি পুলিশের হেফাজতে আছে। এ ছাড়া অর্ণব আমার আত্মীয় ও আমার ছেলের বন্ধু। অর্ণব জানতে পারে কেন তাকে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, অর্ণবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে রাখা হয়েছে। গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে থানায় আনা হয়েছে। হত্যার ঘটনায় ইসতিয়াকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।