মুঠোফোন ব্যবহার করায় ২৫০ জনকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করার দায়ে ২৫০ পরীক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোলা জেলা শহরের ২১টি কেন্দ্রে একযোগে বেলা ৩টা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের শরীর তল্লাশি করে মুঠোফোন ছাড়াই কেন্দ্রে প্রবেশ করানো হয়। স্থানীয় পুলিশের গোয়েন্দা বিভাগও পরীক্ষার হলের বাইরে সক্রিয় ছিলেন। কিন্তু পরে পরীক্ষার্থীরা কক্ষপরিদর্শক, দালাল ও স্থানীয় প্রভাবশালী নেতাদের সহায়তায় মুঠোফোন ব্যবহার করেন। মূল প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র তৈরি করে একটি দালালচক্র মুঠোফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে খুদেবার্তা পাঠায়।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, পরীক্ষা কেন্দ্রের ভেতর মুঠোফোন ব্যবহার করার অপরাধে ২৫০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এঁদের মধ্যে ৫০ জনকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা কেন্দ্রের প্রধান ও কক্ষপরিদর্শকের সহায়তায় দালালচক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁসের পর উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে তা পৌঁছে দেন। বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের কেন্দ্রগুলোতে অনেক পরীক্ষার্থী সরাসরি মুঠোফোনের মাধ্যমে উত্তর নিশ্চিত করেন। তবে সরকারি বিদ্যালয় ও কলেজগুলোতে তুলনামূলক কম অনিয়ম হয়েছে।
সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান বলেন, পরীক্ষা শুরু না হতেই একদল পরীক্ষার্থী ওই খুদেবার্তার মাধ্যমে শতভাগ উত্তর নিশ্চিত করার জন্য দেনদরবার শুরু করেছিলেন। সুযোগ না দেওয়ায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা হুমকি-ধমকি দিচ্ছিলেন।
ভোলা সদর উপজেলার শিবপুর নতুন কালীকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরউদ্দিন বলেন, মুঠোফোনে উত্তরপত্র নিশ্চিত করায় অযোগ্য লোকদের শিক্ষক পদে চাকরি হচ্ছে। পরবর্তী সময়ে এসব শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পড়াতে হিমশিম খাচ্ছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক দিলীপ মণ্ডল বলেন, পরীক্ষার্থীদের রোল নম্বর ও আসনবিন্যাস ডিজিটাল হওয়ায় খুদেবার্তার মাধ্যমে উত্তরপত্র পাঠাচ্ছে দালালচক্র। এটা বন্ধ করতে হলে পরীক্ষার সময় মুঠোফোনের নেটওয়ার্কই বন্ধ রাখা দরকার।