মুঠোফোনে ডেকে নেওয়ার কয়েক ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের চৌকিরপাড় এলাকায় চন্দন সাহা (২০) নামের এক তরুণকে গত সোমবার রাতে মুঠোফোনে ডেকে নেওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় এক মাঠে ছেলেটির লাশ পাওয়া গেছে। চন্দন পেশায় একজন স্বর্ণকার ছিলেন। লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাটোর থানা ও মারা যাওয়া তরুণের পারিবারিক সূত্রে জানা যায়, চন্দন সাহা শহরের পিলখানা মোড়ে স্বর্ণের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো স্বর্ণপট্টি এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন তিনি। রাতে ভাই সুজিত কুমারের সঙ্গে ঘুমাতে যান। পরে রাত একটার দিকে কে বা কারা চন্দনকে ফোন করে। ফোনটি পাওয়ার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর ফিরে আসেননি। গতকাল সকালে ওই এলাকার শ্রমিকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় চন্দনের বাড়ির অদূরে ফাঁকা মাঠে একটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চন্দনের পরিবারের লোকজন গিয়ে লাশটি শনাক্ত করেন। চন্দন চৌকিরপাড় এলাকার সুনিল কুমার সাহার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।