মুঠোফোনে প্রেমের ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় মুঠোফোনে ফাঁদ পেতে সাধারণ মানুষকে নিঃস্ব করা হচ্ছে। চার সদস্যের একটি চক্র ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের ভাষ্যমতে, নগরে এমন প্রায় ১৭টি চক্র এই কাজ করছে।
ওই চক্রের সদস্যরা বলেন, তাঁদের মধ্যে প্রথমে এক নারী সদস্য মুঠোফোনে অচেনা লোকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর দেখা করার জন্য আমন্ত্রণ জানান ওই নারী। দেখা করতে গেলেই তাঁকে ধরে বিকাশের মাধ্যমে স্বজনদের কাছ থেকে টাকাপয়সা আদায় করা হয়। তারপর মুঠোফোনসহ কাছে থাকা জিনিসপত্র কেড়ে নিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার নগরের শাহমখুদম থানার পুলিশ চার সদস্যের এ রকম একটি চক্রকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে নারী সদস্য হলেন আলেয়া ওরফে চৈতি। তাঁর বাড়ি নগরের চারখুটার মোড় এলাকায়। চক্রের অপর তিন যুবক হলেন নগরের খিরসিনটিকর এলাকার মিনারুল ইসলাম, ডলার আলী ও পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের শাহিন।
ওই থানার এসআই মাহাবুব আলম বলেন, আলেয়া এক বছর ধরে মুঠোফোনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোজাম আলীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। গত বুধবার রোজাম আলী নগরের সিটি বাইপাস এলাকায় আলেয়ার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় আলেয়ার তিন সহযোগী এসে রোজামকে আটক করেন। তাঁর মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও কাছে থাকা ২০ হাজার টাকা কেড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করে ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পাওয়ার পর রোজাম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। রাতে নগরের শাহমখদুম থানায় এসে অভিযোগ করেন। এসআই মাহাবুব বলেন, রোজামের মুঠোফোনের কললিস্ট ধরে তিনি প্রথমে আলেয়াকে আটক করেন। পরে তাঁর মাধ্যমে অপর তিনজনকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে আলেয়া স্বীকার করেন, নগরে তাঁদের মতো ১৭টি চক্র একই কাজ করছে। আলেয়াসহ আটক চার সদস্যের নামে নগরের শাহমখদুম থানায় মামলা হয়েছে। আদালতে সোপর্দ করতে গেলে আলেয়া তাঁর পেটে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বলে চিৎকার জুড়ে দেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবারই জেলহাজতে পাঠানো হয়।
এদিকে গত শুক্রবার মামুন অর রশিদ নামের এক যুবককে একটি প্রতারক চক্র ফাঁদে ফেলে। মামুনকে ওই চক্রের নারী সদস্য নগরের জিয়া পার্কের পাশে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। মামুন যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নারীর সহযোগীরা মামুনকে আটক করেন। তাঁরা মামুনের বুকে পিস্তল ঠেকিয়ে বাড়িতে ফোন করান এবং বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তাঁরা আরও টাকা দাবি করেন। মামুন তাঁর ভাইকে ফোন করেন। একই নম্বরে তাঁর ভাই আরও পাঁচ হাজার টাকা পাঠান। এই টাকা পাওয়ার পর বিকেলে মামুনকে মারধর করে নগরের ভদ্রা এলাকায় ছেড়ে দেওয়া হয়। অসুস্থ থাকার কারণে মামুন প্রথম দিন থানায় অভিযোগ করতে পারেননি। গতকাল শনিবার তিনি নগরের শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।