মুঠোফোনে বন্ধুত্ব, পরে ধর্ষণ, চারজন গ্রেপ্তার
মেয়েটির বয়স ২০ বছর। স্বামী তাঁকে তালাক দেওয়ার পর তিনি বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি প্রাক্তন স্বামীর এক প্রতিবেশীর সঙ্গে মুঠোফোনে তাঁর বন্ধুত্ব হয়। পরে ওই ব্যক্তি ও আরও তিনজন তাঁকে গণধর্ষণ করেন। পাবনার আটঘরিয়ায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার মেয়েটি বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণের মামলা করেছেন।
চার আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামি গতকাল বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃত চারজনের সবার বাড়ি আটঘরিয়ায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চার বছর আগে একই উপজেলায় মেয়েটির বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা হয় না। ফলে স্বামী তাঁকে তালাক দিলে তিনি বাবার বাড়িতে ফিরে যান। এর মধ্যে ওই স্বামীর এক প্রতিবেশী তাঁকে মুঠোফোনে কল দিতে থাকেন। কয়েক দিন কথা বলার একপর্যায়ে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। এর মধ্যে হঠাৎ করে মেয়েটির দুই হাজার টাকার প্রয়োজন হয়। মেয়েটি সাবেক স্বামীর ওই প্রতিবেশীর কাছে টাকা ধার চান। সুযোগটি কাজে লাগিয়ে ওই ব্যক্তি মেয়েটিকে পাবনায় আসতে বলেন। টাকা নিতে গত শুক্রবার বিকেলে মেয়েটি পাবনায় আসেন। রাত নয়টার দিকে ওই ব্যক্তি মেয়েটিকে নিয়ে উপজেলার একটি হাই স্কুলের পেছনে ফসলের মাঠে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তিসহ আরও তিনজন রাতভর মেয়েটিকে ধর্ষণ করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ভোর চারটার দিকে দুজন সিএনজিচালিত অটোরিকশায় মেয়েটিকে নিয়ে চাটমোহর রেলস্টেশনের দিকে রওনা দেন। আটঘরিয়া-চাটমোহর সড়কে টহল পুলিশ তাঁদের অটোরিকশাটি আটক করে। এ সময় মেয়েটি চিৎকার করে পুলিশকে সব জানান। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, রাতে থানায় এসে মেয়েটি সব ঘটনা খুলে বলে ও চারজনকে আসামি করে একটি ধর্ষণের মামলা করেন। পরে অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাবেক স্বামীর ওই প্রতিবেশী গতকাল দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে চারজনকেই কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, মেয়েটির শারীরিক অবস্থা ভালো ছিল না। তাঁকে চিকিৎসা ও মেডিকেল চেকআপ করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।