মুঠোফোনে মিলবে বোমায় নিহত যুবকের পরিচয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণে নিহত যুবকের কাছ থেকে একটি সচল মুঠোফোনও জব্দ করেছে পুলিশ। ওই যুবক নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারে এ কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নিহত যুবকের মুঠোফোনের সূত্র ধরেই তাঁর নাম-পরিচয় জানা যাবে।

গত শুক্রবার মার্চ ঢাকার বিমানবন্দর গোল চত্বরের পূর্ব পাশে পুলিশ তল্লাশিচৌকি কাছে শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটান ওই যুবক। তাঁর মৃতদেহের পাশে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগে রাখা তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। পরে ঢাকা মহানগর পুলিশের বোম ডিস্পোজাল টিম তা নিষ্ক্রিয় করে। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নিহত অজ্ঞাত যুবককে। তাঁর বয়স উল্লেখ করা হয়েছে ২২ বছর।

জানতে চাইলে এই মামলার তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য নিহত অজ্ঞাত ওই যুবকের পরিচয় বের করার চেষ্টা চলছে। তাঁর কাছ থেকে একটি সচল মুঠোফোন পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে যুবকের পরিচয় বের করে মামলার ঘটনার পুরো রহস্য উদ্‌ঘাটন করা হবে।

এর আগে ১৭ মার্চ র‍্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলাকারী এবং পরদিন রাজধানীর খিলগাঁওয়ে র‍্যাবের তল্লাশিচৌকির সামনে নিহত ব্যক্তির পরিচয়ও এখন পর্যন্ত জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বোমা বিস্ফোরণ ঘটিয়ে যুবক নিহত হওয়ার ঘটনায় বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন খন্দকার বাদী হয়ে মামলা করেন। এ ব্যাপারে বাদী ইয়াসিন খন্দকার প্রথম আলোকে বলেন, নিহত যুবকের কাছ থেকে একটি সিম্ফনি মুঠোফোন সেট জব্দ করা হয়; যা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেট থেকে এটি জব্দ করা হয়। জব্দ করার সময় মুঠোফোনটি সচল ছিল। তবে তা লক করা ছিল। মোবাইলটি সিম্ফনি ভি ৭৫ মডেলের।

নিহত যুবককে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য দেখানো হয়েছে মামলায়। তবে নিহত যুবক নব্য জেএমবির সদস্য বলে ধারণা করছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত অজ্ঞাত দুষ্কৃতকারী ও তাঁর সহযোগীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, বোমা বহনকারী যুবক পুলিশের তল্লাশিচৌকির কাছে আসার আগেই তিনি সিদ্ধান্তহীন হয়ে পড়েন। অসাবধানতাবশত তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটে যায় বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। ওই যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, বেল্ট, পায়ে এক জোড়া পুরোনো কেডস, গায়ে পুরোনো চেক গেঞ্জি ও হালকা আকাশি রঙের টি-শার্ট ছিল।

প্রত্যক্ষদর্শী কুদ্দুস মিয়া প্রথম আলোকে বলেন, বিকট শব্দে বোমা বিস্ফোরিত হওয়ার পর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।