মুঠোফোনের ক্রেতা সেজে এক ছাত্রকে অপহরণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানার একটি হোটেল থেকে গত শুক্রবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই হোটেল থেকে অপহৃত ছাত্রকেও উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। অপহরণের শিকার মোহাইমিনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। মোহাইমিনুলের শরীরের বিভিন্ন জায়গায় অপহরণকারীদের মারধরের গুরুতর জখম ছিল।
ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া সাতজন হচ্ছে শাহাদত হোসেন, শরিফ হোসেন, নিধন চন্দ্র দাস, মো. সেলিম, হোটেল কর্মচারী আবদুল কাদের, বিকাশ এজেন্ট নাছির উদ্দিন ও তার কর্মচারী মো. বাপ্পী।
ডিবি কর্মকর্তা মনিরুল বলেন, সম্প্রতি মোহাইমিনুল অনলাইনে একটি মুঠোফোন সেট বিক্রির বিজ্ঞাপন দেন। অপহরণকারীরা ক্রেতা বেশে তাঁর সঙ্গে যোগাযোগ করে ২২ জুলাই বিকেলে আদাবর শেখেরটেক এলাকায় মুঠোফোন কিনতে যায়। একজন মোহাইমিনুলের সঙ্গে মুঠোফোনের দরদাম নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এরই মধ্যে অন্যরা তাঁকে পেছন দিক থেকে ধরে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা মোহাইমিনুলের মুঠোফোন নম্বর থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং মুক্তিপণের টাকা দাবি করে মোহাইমিনুলের পরিবার প্রথমে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়। পরে অপহরণকারীরা ১০ লাখ টাকা দাবি করে। অন্যথায় তারা মোহাইমিনুলকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। তারা মোহাইমিনুলকে বেধড়ক মারধর করে এবং তাঁর চিৎকার-আর্তনাদ মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারকেও শোনায়।
মনিরুল বলেন, এ ঘটনায় মোহাইমিনুলের পরিবার ২৩ জুলাই আদাবর থানায় একটি অপহরণ মামলা করে। ডিবি মামলার ছায়াতদন্তে নেমে জানতে পারে, অপহরণকারীরা মোহাইমিনুলকে নিয়ে তোপখানা রোডের বৈশাখী হোটেলে অবস্থান করছে। নিশ্চিত হওয়ার পর গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ডিবি ওই হোটেলে অভিযান চালিয়ে অপহরণে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। পরে হোটেলের পাঁচ তলার ৫০১ নম্বর কক্ষ থেকে মোহাইমিনুলকে উদ্ধার করা হয়।
মনিরুল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনকে অপহরণ করে বৈশাখী হোটেলে রেখে একই কায়দায় মুক্তিপণ আদায় করে আসছিল। কেউ কোনো কিছু বিক্রির জন্য অনলাইনে ব্যক্তিগত বিজ্ঞাপন দিলে তারা ক্রেতা সেজে বিজ্ঞাপনদাতাকে অপহরণ করে। আবার নিজেরাও বিজ্ঞাপন দিয়ে একই ঘটনা ঘটায়। গ্রেপ্তার হওয়া নাছির ও তার কর্মচারী বাপ্পী বিকাশের মাধ্যমে বিভিন্ন পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা সংগ্রহের কাজটি করত। বৈশাখী হোটেলের পাশের একটি ভবনের নিচ তলায় নাছির টেলিকম নামে তার একটি দোকানও আছে।
সংবাদ ব্রিফিং শেষে মোহাইমিনুল বলেন, তিনি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালাচ্ছেন। মোহাইমিনুল বলেন, তিনি প্রায়ই অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কিছু না কিছু বিক্রি করেন। কিন্তু এবারই প্রথম তিনি বিজ্ঞাপন দিয়ে অপহরণের শিকার হয়েছেন।