মুঠোফোনের জন্য শ্বাসরোধে শিশু হত্যা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা শিমুলতলা গ্রামে গত শনিবার সন্ধ্যায় ইতি মণি (৬) নামের এক শিশুকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। খেলার সময় মুঠোফোন নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ইতি ওই গ্রামের দিল হোসেনের মেয়ে ও উত্তর ফলগাছা প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় দিল হোসেন বাদী হয়ে শনিবার রাতে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার
ওই তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইতির পরিবার ও সুন্দরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইতি খেলতে গিয়ে শনিবার সন্ধ্যায় তার ফুফাতো ভাই একই গ্রামের আকাশ মিয়ার মুঠোফোন নিয়ে দৌড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইতিকে চড়-থাপ্পড় মারতে থাকে আকাশ। একপর্যায়ে আকাশ শিশুটির গলা টিপে ধরলে ঘটনাস্থলেই ইতি মারা যায়। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ তার লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন রাতেই পুলিশ নিজ বাড়ি থেকে আকাশ মিয়া (১৬), তার মা আম্বিয়া বেগম (৩৫) ও ভাই আজাহার আলীকে (১৭) গ্রেপ্তার করে। মামলায় ওই তিনজনকে আসামি করা হয়েছে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। এ ছাড়া গতকাল রোববার সন্ধ্যায় আদালতে আকাশ ওই হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।