চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুঠোফোন কেড়ে নিতে রংমিস্ত্রি জিয়াউর রহমানকে (২৫) হত্যা করা হয়েছিল। জিয়াউরকে হত্যার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছে আসামি মুকিমুল ইসলাম (১৬)। জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
৯ সেপ্টেম্বর উপজেলার তক্তিপুর শ্মশানঘাট এলাকা থেকে জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তক্তিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। জিয়াউর কাঠের রংমিস্ত্রির কাজ করতেন। লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তাঁর বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার নতুন আলীডাঙ্গা এলাকার ফারুক আহমেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁর ছেলে মুকিমুল ইসলামকে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আসামি একই এলাকার মো. নাসিম (২৫) পলাতক রয়েছেন। গতকাল বিকেলে মুকিমুল চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল ইসলামের আদালতে জবানবন্দি দেয়।
জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, জবানবন্দিতে মুকিমুল বলেছে, জিয়াউর তাদের বন্ধু। ১০ হাজার টাকা দামের মুঠোফোন সেটের জন্য তারা (মুকিমুল ও নাসিম) তাঁকে ৮ সেপ্টেম্বর হত্যা করে।
মাহবুব আলম খান আরও বলেন, ডিবি পুলিশের এসআই আবদুল্লাহ জাহিদ মামলার তদন্তের দায়িত্ব পান। তিনি প্রথমে নিহত ব্যক্তির মুঠোফোনের খোঁজ করেন। লাশের সঙ্গে মুঠোফোন সেট না পাওয়ায় এর কল তালিকা বের করেন। ট্র্যাকিং করে গত মঙ্গলবার উপজেলার রানীহাটী বাজারের একটি দোকান থেকে এটি উদ্ধার করেন। হত্যাকারীরা ওই দোকানে সেটটি বিক্রি করেছিল। সেখান থেকে ওই দুই আসামির পরিচয় পাওয়া যায়। পরদিন মুকিমুলকে গ্রেপ্তার করা হয়।