মুদি দোকানি হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর গ্রামের মুদি দোকানদার আনোয়ার হোসেন (৬২) হত্যা মামলার প্রধান আসামি শামসুজ্জামান শরিফ ওরফে জামাই শরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে সংবাদ সম্মেলনে র্যাবের বাগমারা ক্যাম্পে র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা নাটোর রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে শরিফ মুদি দোকানদার আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেন। শরীফ জানান, কম দামে ভালো সিগারেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আনোয়ারকে তাঁর বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। সে সময় আনোয়ারের কাছে ৩১ হাজার ৫০০ টাকা ছিল। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে তাঁকে উপজেলার শিকদারী এলাকার এক পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যান। পরে হাতুড়ি দিয়ে আনোয়ারের মাথায় ও মুখে আঘাত করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ১৮ হাজার ১৭০ টাকা পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া হাতুড়িও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শরিফের বাড়ি নওগাঁর রানীনগরে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) বিমল কুমার চাকি বলেন, শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।
গত ২৬ ফেব্রুয়ারি আনোয়ার নিখোঁজ হন। এরপর ১ মার্চ উপজেলায় শিকদারী এলাকার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।