মুদিদোকানিকে কুপিয়ে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় গত রোববার রাতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত দোকানির নাম সাইদুর রহমান ওরফে আলমগীর (৩৮)। তাঁর বাড়ি ইটাহাটা এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমগীর দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মুদিদোকান দেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি একই হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গতকাল সোমবার রাত সাড়ে আটটায় মুঠোফোনে জানতে চাইলে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের কাজ চলছে।