মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে তিনজন খুন
মুন্সিগঞ্জের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে অজ্ঞাতনামা দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামের গৃহবধূ মাসুমা আক্তার (৩৫), জেলা সদরের হাটলক্ষ্মীগঞ্জের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নেওয়াজ শরীফ (২৫), অজ্ঞাতনামা এক কিশোর (১৫) ও এক নারী (৪৫)।
মুন্সিগঞ্জ: জেলার সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মাসুমা আক্তারের স্বামী আমজাদ ঢাকায় একটি সরকারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী। পারিবারিক সূত্রে জানা গেছে, আমজাদ তাঁর স্ত্রীকে নানা কারণে সন্দেহ করতেন। এর জেরে প্রায় সময় মাসুমাকে নির্যাতনও করতেন। গত বৃহস্পতিবার রাতে মাসুমাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে আমজাদ পলাতক আছেন। নিহত মাসুমার বাড়ি একই ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
এ ঘটনায় নিহত মাসুমার ভাই মো. সোহাগ বাদী হয়ে আমজাদ আলী, তাঁর দুই ভাই ও ভগ্নিপতিকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। মাসুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইউনুচ ভূঁইয়া বলেন, গতকাল সদর উপজেলার কাটাখালী এলাকায় সড়কের পাশের খালে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে লাশটি শরীফের বলে শনাক্ত করেন তাঁর পরিবারের লোকজন।
ওসি আরও বলেন, শরীফ মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর পকেটে কয়েক পুরিয়া গাঁজা পাওয়া গেছে। সুরতহালে অটোচালক নেওয়াজের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি। থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া সড়কের পাশ থেকে শরীফের ব্যাটারিচালিত অটোরিকশা ও এর ভেতর থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
জিডিতে শরীফের চাচা আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে শরীফ হাটলক্ষ্মীগঞ্জের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পরে নিখোঁজ হন। পরদিন কাটাখালী এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।
কেরানীগঞ্জ(ঢাকা): স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কেরানীগঞ্জ উপজেলার জিয়ানগর এলাকার বালুর মাঠ থেকে অজ্ঞাতনামা (১৫) এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় রশির দাগ আছে। নিহত কিশোরের পরনে চেক থ্রি কোয়ার্টার প্যান্ট ও বেগুনি রঙের ফুলহাতা শার্ট ছিল।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, গতকাল দুপুরে উপজেলার মাঝিনা গ্রামের একটি পরিত্যক্ত জমিতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার গলায় বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ (ঢাকা) ও নারায়ণগঞ্জ প্রতিনিধি}