ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় নিহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইউনিয়ন ছাত্রলীগের একজন নেতা। আর গত রোববার পাবনায় গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন।
এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় অন্তত ৭৬ জন প্রাণ হারালেন।
এ ছাড়া গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রাত পর্যন্ত ১২ জেলার ২৬টি স্থানে প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর, যানবাহনে আগুন ও অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৮ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: জেলার গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের লস্করদি গ্রামে গতকাল রাতে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. হানিফ (২৭)। এ সময় আহত হন আরও সাতজন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম। গতকাল রাত সাড়ে আটটার দিকে লস্করদি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ নেতা হানিফ মাথায় গুলিবিদ্ধ হন। আহত হন তাঁর ভাই শরীফসহ (৩২) সাতজন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
হানিফের বাড়ি লস্করদি গ্রামে। তাঁর বাবার নাম নাজিম উদ্দিন।
হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, দুই পক্ষের মধ্যে সংর্ষের সময় গোলাগুলিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।
পাবনা: সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা বাজারে রোববার সকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আবদুর রহিম বিশ্বাস (৩৫)। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, ওই ওয়ার্ডের সদস্যপদে নির্বাচনে আওয়ামী লীগের দুই সদস্য প্রার্থী সান মোল্লা ও আমজাদ হোসেন বিশ্বাসের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। আবদুর রহিম সম্পর্কে আমজাদ হোসেনের ভাতিজা। রোববার সকাল ১০টার দিকে আবদুর রহিম মাংস কিনতে পয়রা বাজারে গেলে একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য স্থানে সহিংসতা: যশোরের কেশবপুরে নির্বাচনী সহিংসতায় ২০ জন আহত হয়েছে। দুটি নির্বাচনী কার্যালয়সহ ১০টি দোকান ভাঙচুর করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি প্রাইভেটকার। মঙ্গলকোট ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে গত শনিবার সন্ধ্যা থেকে সংঘর্ষে এসব ঘটনা ঘটে। সালাম, এনামুল ও নফর গাজী নামের আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ত্রিমোহিনী ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নুর ইসলামকে গোপালপুর বাজারে মারধর করেছেন নৌকা প্রতীকের সমর্থকেরা। কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, পাঁচ-ছয়টি স্থানে সহিংসতা হয়েছে। এসব ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে রোববার রাতে বাবু শেখের বাড়ির পাশে বিলে দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে। ওই সময় বাঘুটিয়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী বাবুল আক্তার মোটরসাইকেলে ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। এতে তাঁর চার কর্মী আহত হন।
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মহসীন ভূঁইয়া ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোশারফ হোসেন সরকারের সমর্থকদের মধ্যে গতকাল সকালে সংঘর্ষ হয়েছে। কড়িকান্দি বাজারে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নে রোববার বিকেলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর দুই ভাইসহ পাঁচ সমর্থককে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোয়ালী গ্রামে রোববার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়।
নওগাঁর আত্রাইয়ে রোববার রাত থেকে সহিংসতায় ছয়জন আহত হয়েছে। এর মধ্যে গতকাল দুপুরে আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া বাজারে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক আহত হন।
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার সাইফুর রহমান গতকাল সাংবাদিকদের অভিযোগ করেন, শুক্র ও শনিবার তাঁর একাধিক নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. নূরুল ইসলামের নেতৃত্বে হামলা হয়। ভাঙচুর করা হয় চারটি মোটরসাইকেল। পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করা ছাড়াও বেশ কয়েকজন সমর্থকের বাড়িঘরেও চালানো হয় হামলা। তবে নূরুল ইসলাম বলেন, ‘কারা হামলা করেছে, তা আমার জানা নেই।’
বগুড়ার দুপচাঁচিয়ায় সদর ও চামরুল ইউনিয়নে শনিবার থেকে গতকাল দুপুর পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী কার্যালয়। আহত হয়েছে চারজন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে রোববার সন্ধ্যায় বিএনপির নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা আহত হন।
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর বাজার মোড়ে রোববার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর জেরে গতকাল সকালে তাঁর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী নাজমুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১০ সমর্থক আহত হন।
জামালপুরের সরিষাবাড়ীতে রোববার বিকেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের ও বিএনপির প্রার্থী আবদুল হাই তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ১৫টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।