ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতির বিরুদ্ধে গুলি করে এক ব্যক্তিকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (৪৮) নামের ওই নেতাকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি শহরের কোর্টগাঁও এলাকায়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গুলিতে আহত বছির মিয়াকে (৫০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মানিকপুর এলাকায়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ ভূঁইয়া বলেন, সাইফুল ইসলাম মানিকপুর এলাকার জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে জমির ব্যবসা করেন। সম্প্রতি ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের বিরোধ বাধে। গতকাল সকাল পৌনে আটটার দিকে সাইফুল টাকা চাইতে মানিকপুরে জাহাঙ্গীরের কাছে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল পিস্তল দিয়ে গুলি ছোড়েন। গুলি জাহাঙ্গীরের সঙ্গে থাকা বছিরের পায়ে বিদ্ধ হয়। এ সময় পাশ দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন। গুলির শব্দ পেয়ে এগিয়ে গেলে সাইফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে এসআই হারুনুর রশীদ অস্ত্র আইনে একটি এবং গুলিবিদ্ধ বছির আরও একটি মামলা করেছেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, সাইফুল তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
সাইফুলের বড় বোন কাকলি আক্তার বলেন, তাঁর ভাই ব্যবসার পাওনা টাকা আনতে গিয়েছিলেন। জাহাঙ্গীর তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে পুলিশে ধরিয়ে দিয়েছেন।