মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরি বন্ধ হচ্ছে না
মুন্সিগঞ্জে সদর উপজেলার প্রায় ৫০০টি কারখানায় অবৈধ কারেন্ট জাল তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালালেও কারেন্ট জাল তৈরি বন্ধ করা যাচ্ছে না।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন, রামপাল ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় ছোট-বড় জাল তৈরির প্রায় কারখানায় অবৈধ কারেন্ট (মনোফিলামেন্ট) জাল বানানো হচ্ছে। সম্প্রতি পঞ্চসার ইউনিয়নের কাশিপুর, মালির পাথর, দয়াল বাজার, আদারিয়াতলা, মুক্তারপুর, বিসিক, মাদবরবাড়ী এলাকার প্রায় ২০টি কারখানা ঘুরে কারেন্ট জাল তৈরি করতে দেখা যায়। এগুলোর মধ্যে নয়াগাঁও বিক্রমপুর ফিশিং, এম আর ফিশিং নেট, একতা মনোফিলামেন্ট, আ. আহাদ ফিশিং, চঞ্চল ফিশিং নেট, তুরাগ ফিশিং নেট কারখানার প্রধান ফটক তালাবদ্ধ পাওয়া যায়। কিন্তু ভেতর থেকে মেশিনের শব্দ আসছিল।
তালাবদ্ধ কারখানার কয়েকজন শ্রমিক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগে জাল সরিয়ে নেওয়ার জন্য মালিকেরা ফটক বন্ধ রাখেন। পুলিশ এলে তাঁরা মেশিন বন্ধ করে রাখেন। পুলিশ চলে যাওয়ার পর আবার কাজ শুরু হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু বলেন, কারখানার মালিকেরা আসলে অন্য জালের চেয়ে বেশি কারেন্ট জাল তৈরি করেন। কারখানাগুলোর অবস্থান কাছাকাছি। একটি কারখানায় অভিযান চালালে দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এই সময়ের মধ্যে অন্যরা সতর্ক হয়ে যায়। আর তাঁদের জনবল কম হওয়ায় র্যা ব ও ভ্রাম্যমাণ আদালতের ওপর নির্ভর করতে হয়।
তুরাগ ফিশিং নেটের মালিক আল আমিন বলেন, ‘সবাই কারেন্ট জাল তৈরি করে। সব কারখানা এ জাল বানানো বন্ধ করে দিলে আমরাও বন্ধ করব।’ নয়াগাঁও বিক্রমপুর ফিশিং নেটের মালিক বলেন, বেশ কিছুদিন আগে তাঁর কারখানা ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে দিয়েছিলেন। তিনি উচ্চ আদালতের আদেশ নিয়ে আবার কারখানা চালু করেছেন। তবে এখন তাঁর কারখানায় কারেন্ট জাল তৈরি করা হচ্ছে না। আদারিয়া জাল তৈরির একটি কারখানার কয়েকজন কর্মচারী বলেন, অন্যরা যদি তাঁদের কারখানায় কারেন্ট জাল তৈরি বন্ধ করেন তবে তাঁরাও কারেন্ট জাল তৈরি বন্ধ করে দেবেন।
কয়েকজন কারখানা মালিক জানান, বৈধ জাল তৈরির কথা বলেই তাঁরা কারেন্ট জাল তৈরি করছেন। কারণ, এক মেশিনেই কারেন্ট জালসহ একাধিক জাল তৈরি করা যায়।
উপজেলা মৎস্য কার্যালয় ও কোস্টগার্ড পাগলা স্টেশন সূত্রে জানা যায়, গত এক বছরে মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করে। ২৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। বাকিদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একাধিক কর্মকর্তা বলেন, কারেন্ট জাল তৈরি করায় গত এক বছরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১০টি কারখানা সিলগালা করেন। এর বিরুদ্ধে রিট করলে উচ্চ আদালত সম্প্রতি পাঁচটি কারখানা খুলে দেওয়ার আদেশ দিয়েছেন। মুন্সিগঞ্জ জাল কারখানা মালিক সমিতির সহসভাপতি ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, পাঁচটি কারখানার মধ্যে তাঁর নিজেরও একটি আছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার বলেন, ‘আমরা জাল জব্দ করছি। কারখানা সিলগালা ও জেল-জরিমানা করছি। উচ্চ আদালত থেকে তাঁরা আবার কারখানা খুলে দেওয়ার আদেশও নিয়ে আসছেন। তবে কারেন্ট জাল কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।’