মুন্সিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জনি
মো. জনি

মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়াকান্দি এলাকায় গত শনিবার রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. জনি (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে আহত হন আরও ছয়জন। এ ঘটনায় তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচঘড়িয়াকান্দি এলাকায় মো. জনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও গত বছর অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর পদে পরাজিত প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তুচ্ছ বিষয় নিয়ে জনির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের সমর্থক বলে জনি পরিচিত।
শনিবারের কথা-কাটাকাটির পর এ নিয়ে জনি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরের সহায়তা চাইলে বাবুলের সঙ্গে তিনিও তর্কে জড়ান। পরে রাত ১১টায় বাবুল চাচাতো ভাই অপু ও শ্যামলকে নিয়ে জনির ওপর হামলা চালালে সে গুলিবিদ্ধ হয়। পরে বাবুল ও সাজ্জাতের পক্ষের লোকজনের মধ্যে শুরু হয় গোলাগুলি। আধা ঘণ্টা গোলাগুলি চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গুলিবিদ্ধ জনিকে রাতেই উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। সংঘর্ষের ঘটনায় পুলিশ অস্ত্রসহ বাবুল, অপু ও হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিরকে গ্রেপ্তার করেছে।