মুন্সিগঞ্জে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পূর্ব বিরোধ থেকে এ ঘটনা ঘটে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

সদর থানার পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকার মতি গাজী ও মো. জিয়াউরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। মতি গাজীর লোকজন একবার জিয়াউরকে মারধর করেছেন। এ নিয়ে থানায় মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় মতি গাজী রিকশায় করে বাড়িতে যাচ্ছিলেন। শহরের আধুনিক ক্লিনিকের কাছে এলে জিয়াউর ও তাঁর লোকজন তাঁর ওপর চড়াও হন। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। মতি গাজীর জামাও ছিঁড়ে ফেলা হয়। এ সময় একজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়। গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ছুটে এলে সবাই পালিয়ে যান।

স্থানীয় লোকজন জানান, মতি গাজী ও জিয়াউর—দুজনই চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষে রয়েছে দুজন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসারউদ্দিন ভূঁইয়া মতি গাজী ও মতিউরকে দলীয় কর্মী দাবি করে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূঁইয়া রাত সোয়া নয়টায় প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।