মুন্সিগঞ্জে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি ভরাটকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম ও ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাবু মিয়াজীর লোকজনের মধ্যে ওই হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় বাবু মিয়াজী (২৭) গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তাঁর স্ত্রী রাজিয়া বেগমকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যদের অন্যান্য স্থানে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ এবং বাঘাইকান্দি বাজারের চার-পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আবদুস সালাম ও বাবু মিয়াজীর পক্ষের লোকজনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান গতকাল রাতে বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।