মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন দক্ষিণ চরমশুরা গ্রামের জাফর মিয়ার ছেলে মাসুদ (১৮)।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চরকেওয়ার ইউপির বর্তমান সদস্য মন্টু দেওয়ানের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী হারুন ফকিরের সমর্থকদের বিরোধ চলে আসছিল। হারুনের সমর্থকদের পৃষ্ঠপোষকতা করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহিম। রহিম-হারুনের পক্ষের লোকজনের নেতৃত্ব দেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া।

গত কয়েক মাসে বিবদমান ওই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিরোধের ধারাবাহিকতায় গতকাল সকালে রহিম-হারুনের পক্ষের লোকজন সংগঠিত হয়ে দক্ষিণ চরমশুরা গ্রামে মন্টু দেওয়ানের সমর্থকদের ওপর হামলা চালান। তাঁদের অস্ত্রের গুলিতে মাসুদ (১৮), তারিফ (২০), সুমন দেওয়ান (২০) ও ইফরান (২২) নামের চারজন আহত হন। এ সময় মন্টুর পক্ষের লোকজন হামলাকারীদের বাধা দিতে এগিয়ে এলে দুই পক্ষের মধ্য সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আরও অন্তত ছয়জন আহত হন। গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। তারিফের অবস্থা গুরুতর হলে সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চলা বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মাসুদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে জানতে দুই পক্ষের নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তবে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহিমের মামাআফসার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মন্টু মেম্বার নিজেরা এ ঘটনা ঘটিয়েছে। রহিম এ ঘটনার কিছুই জানে না। মন্টু মেম্বারের লোকেরা এলাকায় লুটপাট করছে। এর আগে তারা আমাদের দুজনকে নির্মমভাবে পিটিয়েছে। তারা এখন হাসপাতালে।’