মুন্সিগঞ্জে আটটি বাস জব্দ, মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা সদর থেকে ঢাকাগামী একমাত্র বাস সার্ভিস দিঘিরপাড় পরিবহনের আটটি বাস জব্দ করা হয়েছে। পাশাপাশি পরিবহনের মালিককে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আটক আটটি বাস মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে রাখা হয়েছে। জরিমানা করার সময় সেখানে বাসের মালিকপক্ষের কেউ ছিলেন না। অভিযানের সময় দেখা যায়, দিঘিরপাড় পরিবহনের ৩১ আসনের বাসে আসন রয়েছে ৪০টি। আর ৪১ আসনের বাসে আসন রয়েছে ৪৭টি। এ ছাড়া মুন্সিগঞ্জ থেকে ঢাকার দূরত্ব অনুযায়ী বাস ভাড়া ৪৩ টাকা হয়। অথচ ভাড়া আদায় করা হচ্ছে ৬০ টাকা। বাসগুলোতে ফ্যানও নেই। এসব কারণে গতকাল বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জে কোর্ট এলাকাসংলগ্ন দিঘিরপাড় পরিবহনের বাস কাউন্টারের সামনে থাকা আটটি বাস জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্র জানায়, জেলা শহরে একটিমাত্র বাস সার্ভিস থাকায় দিঘিরপাড় পরিবহন একচেটিয়া ব্যবসা করছে। এতে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। দিঘিরপাড় পরিবহনের মালিক মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার। এই রুটে তাঁর ৩০-৩৫টি বাস চলাচল করে।